Logo

ক্যাম্পাস

ঢাবিতে ফজলুকে অবাঞ্ছিত ঘোষণা ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:১২

ঢাবিতে ফজলুকে অবাঞ্ছিত ঘোষণা ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) এর আশেপাশের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে প্রয়োজনে তাকে প্রতিহত করার কথাও বলেন তারা। 

রোববার (২৪ আগস্ট) ঢাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলুকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার।  

সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যদি ভবিষ্যতেও কেউ চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে আমরা প্রতিবাদ জানাবো। এবং ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশে কোন এলাকায় আসে তাহলে আমি মাহিন সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে।’ 

তিনি বলেন, ‘তাকে (ফজলুর রহমান) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্রসংগঠন তাদের অবস্থান পরিস্কার না করবে আমারা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করবো। আমরা বলতে চাই ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটি সংরক্ষিত হবে সঠিকভাবে।’   

এদিকে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে তার কুশ-পুতুল দাহ ও গণ-জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

এমএমআই/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন