Logo

ক্যাম্পাস

জবি প্রশাসনিক ভবনে তালা, ৬ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২১:২২

জবি প্রশাসনিক ভবনে তালা, ৬ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ২ দফা দাবিতে টানা ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর-রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা। 

রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে দুই দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান ‌‘নো ওয়ার্ক’ কর্মসূচিতে অবরুদ্ধ রয়েছেন তারা।

এদিন বিকেল সাড়ে তিনটায় দুই দফা দাবিতে ‘নো ওয়ার্ক কর্মসূচি’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ভেতরে-বাইরে বিভিন্ন রুটিন কাজে আসা ফাইল হাতে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) ভিসিসহ সকলে অবরুদ্ধ আছে। 

শিক্ষার্থীদের দাবি- জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ, রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির চূড়ান্ত ঘোষণা। এর আগে বেলা ১২টার দিকে তারা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের এসকল দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা সংশোধন করা হয়েছে এখনও হাতে পাইনি, তবে আশা করছি শিগগিরই হাতে পাব। নীতিমালা পেলে মঙ্গলবার (২৬ আগস্ট) সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার বা বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ আসলেই রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে। জকসু অধ্যাদেশ হয়ে পাশ হয়ে আসলেই আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করবো।’ 

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন