Logo

ক্যাম্পাস

জাকসুতে অমর্ত্য রায় জনের প্রার্থীতা বাতিল, আদালতে যাওয়ার প্রস্তুতি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

জাকসুতে অমর্ত্য রায় জনের প্রার্থীতা বাতিল, আদালতে যাওয়ার প্রস্তুতি

অমর্ত্য রায় জন। ছবি : সংগৃহীত

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। অন্যদিকে অমর্ত্য রায় জন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জন ২০২১ সালের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষায় দুটি কোর্সে অকৃতকার্য হন। পরবর্তী ব্যাচের সঙ্গে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিলেও আবারও অকৃতকার্য হন। ২০২৫ সালে দ্বিতীয়বারের মানোন্নয়ন পরীক্ষায় একটি কোর্সে কৃতকার্য হলেও আরেকটিতে অকৃতকার্য থাকেন।

পরীক্ষা অধ্যাদেশ ২০০৩ অনুযায়ী শিক্ষার্থীরা একই কোর্সে একবারই মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। কিন্তু অমর্ত্য রায় জন দুইবার অংশ নেন, যা বিধিবহির্ভূত। যদিও শিক্ষা পর্ষদ বিশেষ পরিস্থিতিতে দ্বিতীয়বারের পরীক্ষাকে ‘বিশেষ পরীক্ষা’ হিসেবে গণ্য করার সুপারিশ করে এবং সিন্ডিকেট তা অনুমোদন দেয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, তিনি অনিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হওয়ায় জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারার আলোকে নির্বাচন কমিশন তাকে ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেছে। ফলে তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এর আগে অমর্ত্য রায় জনকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। পরে হাইকোর্টের নির্দেশে তার পরীক্ষা গ্রহণ করা হয় এবং সিন্ডিকেট বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। ১ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিল বিশেষ বিবেচনায় তাঁকে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছে।

অমর্ত্য রায় জন ইতিমধ্যেই প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ৬ সেপ্টেম্বর তার প্রার্থীতা হঠাৎ বাতিল করা হয়, যা তিনি ‘অবৈধ, স্বেচ্ছাচারী এবং মৌলিক অধিকারের পরিপন্থী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অমর্ত্য রায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। নির্বাচনে অংশ নেওয়া না দিলে হাইকোর্টে রিট করা হবে এবং এর দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন