Logo

ক্যাম্পাস

সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮

অ
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় মারা যাওয়া সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর (৪০) পরিবারের সঙ্গে দেখা করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ। 

এ সময় সাংবাদিক তরিকুলের পরিবারকে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (১২) রাতে ডাকসুর জিএস এসএম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই পোস্টে জিএস ফরহাদ লিখেছেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’

জিএস ফরহাদ লিখেছেন, চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।’ অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!

ডাকসুর জিএস আরও বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে পড়েন চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় সন্তান আয়াতের বয়স চার আর ছোট আজমীনের দেড় বছর।

ডিআর/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকসু নির্বাচন ২০২৫ ডাকসু ছাত্রশিবির গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন