জাককানইবিতে রোটারেক্ট ক্লাবের ‘রোডম্যাপ টু সাকসেস’ অনুষ্ঠিত
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে এবং বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইনমূলক দিনব্যাপী সেমিনার ‘রোডম্যাপ টু সাকসেস’।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির চতুর্থ তলার সেমিনার হলে এ আয়োজন সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মো. খালিদ হোসাইন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং বিকাশের বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সিভি প্রস্তুতি, আত্মবিশ্বাস, স্পিকিং স্কিল, ভাইভা বোর্ড মোকাবিলা এবং কো–কারিকুলার এক্টিভিটিসের গুরুত্ব নিয়ে তিনি বাস্তবভিত্তিক পরামর্শ দেন। সেমিনারের শেষাংশে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. মো. সাখাওয়াত হোসেন, প্রক্টর মো. মাহবুবুর রহমান জনি এবং সহকারী প্রক্টর মো. তরিকুল ইসলাম জনি। ডিন ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রোডাক্টিভ সেমিনার আরও বেশি হওয়া দরকার।’
বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের রিজিওনাল অফিসার এম. এম. হাসান মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি রোটারেক্ট ক্লাবকে ধন্যবাদ জানান সাফল্যমণ্ডিত আয়োজনের জন্য।
উদ্বোধনী বক্তব্য দেন রোটারেক্ট ক্লাবের সেক্রেটারি জেনারেল সাকিব হোসাইন। সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট মো. মুকিতুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সেমিনারে রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা, প্রাক্তন ও বর্তমান সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

