নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজনেস রিভিউ জার্নালের মোড়ক উন্মোচন
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো গবেষণাভিত্তিক ‘বিজনেস রিভিউ’ জার্নাল।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপাচার্য কার্যালয়ে জার্নালের ভলিউম ১, সংখ্যা ১, জুন ২০২৫ সংখ্যার মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জার্নালের সম্পাদক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জার্নালের নির্বাহী সম্পাদক প্রফেসর ড. রাজু আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সম্পাদনা পরিষদে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. সোহেল রানা, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, মো. রফিকুল আমিন, ড. মাসুদ রানা, মোহাম্মদ তরিকুল ইসলাম জনি ও ড. মো. আব্দুল মোমেন। বহিরাগত সদস্য ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।
প্রকাশিত জার্নালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধের সমন্বয়ে জার্নালটির মূল্য নির্ধারণ করা হয়েছে দেশীয় পাঠকদের জন্য ৩০০ টাকা এবং বিদেশি পাঠকদের জন্য ৫ মার্কিন ডলার।
এমএইচএস

