ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮
ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : বাংলাদেশের খবর
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নির্বাচিত সদস্যও অংশ নেন।
মাস্টারদা সূর্য সেন হলের সহসভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে অবদান রেখেছিল তা আমরা সবাই জানি। তারা মেধার ভিত্তিতে এখানে সুযোগ পেয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা বিএনপির কাছে জানতে চাই, ফজলুর রহমানের বক্তব্য ব্যক্তিগত নাকি দলীয়? যদি দলীয় না হয়, তবে বিএনপিকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতে হবে। পাশাপাশি তাকে মানসিক চিকিৎসার আওতায় আনা উচিত।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ঢাবিতে ভর্তি হওয়ার পর আমরা নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী পরিচয় দিতেও ভয় পেতাম। আমাদের জামায়াত-শিবির বলা হতো। কেন সাদা পাঞ্জাবি, টুপি দেখে ভয় পাবে? এগুলো স্বৈরশাসকের ভয় ছিল।
তিনি আরও বলেন, ঢাবিতে যেমন মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনা করবে, তেমনি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরাও পড়াশোনা করবে। সবাই এক পরিচয় ‘শিক্ষার্থী’। যারা আলেমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করতে চাইবে, তাদের ছাত্রসমাজ প্রতিহত করবে। বিএনপি যদি মনে করে এটি ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, তবে সেটি পরিষ্কারভাবে জানাতে হবে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। ফজলুর রহমানকে আমরা ফজু পাগলা বলি, কিন্তু তার এ বক্তব্যগুলো অনিচ্ছাকৃত নয়। শুধু তিনিই নন, রুমিন ফারহানাও প্রায়ই এমন মন্তব্য করেন। মূলত গুপ্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা এ ধরনের মন্তব্য করেন।
শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন খান বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছি। এখন আমাদের আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বলে তারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির কথা বলে। কিন্তু ‘তুমি কে, আমি কে? বাঙালি বাঙালি’ বলে স্লোগান দেন তারা। তাদের জবান ও বক্তব্যে সাক্ষাৎ ওবায়দুল কাদের এসে হাজির হন।
এমএমআই/এমবি

