বিশেষ বৃত্তির দাবিতে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
জবি প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের হাতে আবাসন ভাতা পৌঁছে দিতে হবে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শাখা ছাত্রদল নেতারা।
লিখিত বক্তব্যে জানানো হয়, শিক্ষার্থীদের অধিকার আদায়ে দেয়াল-লিখন, প্রচার-প্রচারণা, প্রতিবাদ কর্মসূচি এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনকে দাবির প্রতি সাড়া দিতে বাধ্য করা হবে। নেতাদের দাবি, আবাসিক ভাতার ন্যূনতম ৭০ শতাংশ অবিলম্বে কার্যকর করতে হবে। এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, কোনো আবদার নয়। দাবিপূরণে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসন ভাতা। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিস্টদের বিচার হলেও আমাদের প্রশাসন সে বিষয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের মতামত—জকসুর আগে আবাসন ভাতা কার্যকর হোক।’
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আগামীকাল মেডিকেল ক্যাম্প দিয়ে কর্মসূচি শুরু হবে। এক মাসব্যাপী টাইমলাইন অনুযায়ী ধারাবাহিক কর্মসূচি পালন করবো। শিক্ষার্থীদের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করবো।’
তিনি আরও বলেন, ‘জকসুর নীতিমালা ঘোষণার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করছি আসন্ন জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএন/এমএইচএস

