জবিতে বিশুদ্ধ পানির ৩৩টি ফিল্টার স্থাপন করল ছাত্রশিবির
জবি প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরাপদ পানি পান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করে সংগঠনটি।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য নানা সমস্যার সম্মুখীন হয়েছে। প্রশাসন নিরাপদ পানির ব্যবস্থার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। এজন্য আমরা নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছি। আজ থেকে এটি কার্যকর করা হয়েছে।’
জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তবে নিরাপদ পানির সমস্যা দূর করতে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি। তাই আমরা ছাত্র সংগঠন হিসেবে নিজ উদ্যোগে এই পদক্ষেপ নিয়েছি। পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার, ওয়াশিং মেশিন এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।’
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, এইচআরএম সম্পাদক সোহাগ আহমেদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সাহিত্য সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএন/এমএইচএস

