চাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ জনের প্রার্থীতা বাতিল
চবি প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ভিপি পদে ২৩ জন, জিএস পদে ২১ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদ ও নির্বাহী সদস্য পদে মোট ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
একই সময়ে কমিশন জানিয়েছে, মোট ৪২৯ জন মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন বা অন্য কোনো সমস্যার কারণে তাদের প্রার্থীতা বাতিল হয়েছে। তবে প্রার্থীরা আপিলের মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ পাবেন। এছাড়া ডোপ টেস্টে ইতিবাচক হলে প্রার্থীতা বাতিল গণ্য হবে।
এবারের চাকসু নির্বাচনে ২৬টি কেন্দ্রীয়, ১৪টি হল সংসদ ও ১০টি হোস্টেল সংসদ পদে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন।
এমএইচএস

