Logo

ক্যাম্পাস

গকসু নির্বাচনে ভোট দেওয়ার নিয়ম প্রকাশ

Icon

শরিফুল ইসলাম রিফাত, গবি প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

গকসু নির্বাচনে ভোট দেওয়ার নিয়ম প্রকাশ

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। শিক্ষার্থীরা কীভাবে ভোট দেবেন, তা ধাপে ধাপে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভোটারদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে হবে। এরপর একাডেমিক ভবনের নিচতলায় স্থাপিত তথ্যকেন্দ্র থেকে নিজ নিজ ভোটকেন্দ্রের পথনির্দেশনা পাবেন। এ সময় ভোটারদের সঙ্গে আইডি কার্ড ছাড়া অন্য কোনো বস্তু বহন করা নিষিদ্ধ থাকবে।

ভোটকেন্দ্রে প্রবেশ করলে প্রথমে পোলিং অফিসারের কাছে আইডি কার্ড দেখাতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটার তালিকায় নাম মিলিয়ে স্বাক্ষর ও আঙুলের ছাপ দিতে হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন শিক্ষক-পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন এবং সার্বিক তদারকিতে থাকবেন একজন প্রেসাইডিং অফিসার।

পরিচয় যাচাইয়ের পর ভোটারদের হাতে দেওয়া হবে দুটি ব্যালট পেপার— একটি সম্পাদকীয় পদ এবং অন্যটি অনুষদ প্রতিনিধি পদগুলোর জন্য। গোপন কক্ষে গিয়ে প্রার্থীর নামের পাশে নির্ধারিত ঘরে ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। একই পদে একাধিক বক্সে ক্রস দিলে বা নির্ধারিত ঘরের বাইরে ভোট দিলে তা বাতিল গণ্য হবে।

ভোটদান শেষে ব্যালট ভাঁজ করে নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলতে হবে। তারপর শৃঙ্খলভাবে কেন্দ্র ত্যাগ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একজন পর্যবেক্ষক পুরো প্রক্রিয়া নজরদারি করবেন।

এ ছাড়া ভোটগ্রহণ চলাকালে নির্বাচন কমিশনের নির্ধারিত এলাকায় কোনো প্রার্থী প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রে ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রবেশাধিকারও থাকবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন