জবি ছাত্রদলের উদ্যোগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন। এরপর বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির ধারা বদলেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, তা শিক্ষার্থীদের উপকারে আসবে।’
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা ধারণা করেছিলাম যে আমরা তেমন সাড়া পাবো না। কিন্তু আমরা আশাতীত সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিদিন নানারকম শারীরিক সমস্যায় ভুগলেও ক্যাম্পাসে কোনো জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের সেই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আজকের প্রথম দিন গাইনি স্বাস্থ্যসেবা দিয়ে শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘আগামী দুই দিন ধারাবাহিকভাবে চর্মরোগ (স্কিন) এবং মেডিসিন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। শিক্ষার্থীদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
- জেএন/এমআই

