Logo

ক্যাম্পাস

১৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিল জবি ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

১৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিল জবি ছাত্রদল

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তিন দিনে ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিয়েছে সংগঠনটি।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তিনি বলেন, ছাত্ররাজনীতির ধারায় পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। যা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) চর্মরোগ বিশেষজ্ঞরা এবং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেডিসিন বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের এ স্বাস্থ্যক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।

তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে গাইনি বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. উম্মে হানি পৃথ্বী ও ডা. ফাইরুজ ফানান্না। চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ডা. তানজিনা রহমান। মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা. সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাব্বির শরিফ শাকিল।

সার্বিক বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার স্কিন, বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয়, এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষণীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদল আরও এমন মহৎ উদ্যোগ গ্রহণ করবে। আমাদের কাজ এখানেই শেষ হবে না, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা এ ধরনের কার্যক্রম আরও চলমান রাখার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতেও আমাদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগ প্রমুখ।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন