Logo

ক্যাম্পাস

‘বিম ২০২৫’ সম্মেলন চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

Icon

তানজিল কাজী, ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭

‘বিম ২০২৫’ সম্মেলন চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

ছবি : বাংলাদেশের খবর

চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও মেশিন লার্নিংকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মর্যাদাপূর্ণ তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘বিগ ডাটা, আইওটি ও মেশিন লার্নিং (বীম) ২০২৫’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এসটিএসিতে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তি বিকাশে নতুন মাত্রা যোগ করবে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) ও সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে। আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, ১৫টিরও বেশি দেশ থেকে মোট ৬৩১টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। এর মধ্যে ব্লাইন্ড পিয়ার রিভিউ শেষে ২৫১টি প্রবন্ধ গ্রহণ করা হয়, যা প্রকাশিত হবে স্প্রিঞ্জার লেকচার নোটস ও টেইলর অ্যান্ড ফ্রান্সিস প্রকাশনায়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ এই সম্মেলনে স্থান পেয়েছে। আয়োজকরা বলছেন, এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত বহন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডা. মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ড. এম শামীম কায়সার এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিওটি সদস্য এডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী। এছাড়া অনলাইনে দেশ-বিদেশের গবেষক ও বিশেষজ্ঞরা যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন।

সম্মেলনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট ও চুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন। সাংগঠনিক চেয়ার হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ও বিসিএসের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মো. আব্দুল বাছেত।

প্রথম দিনের সেশন সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। দিনব্যাপী প্রযুক্তি সেশনগুলোতে আলোচনায় উঠে আসে সমসাময়িক ও ভবিষ্যৎ বিশ্বের নানা প্রযুক্তি-ভিত্তিক বিষয়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন