Logo

ক্যাম্পাস

নোবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

নোবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহিমা সুলতানা ওরফে মারিয়া (২৪)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীর রশিদ কলোনির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফাহিমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে। রশিদ কলোনির হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় সহপাঠীদের সঙ্গে ভাড়া থাকতেন ফাহিমা। বিকেল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ না হলে এক আত্মীয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান।

সহপাঠীরা জানান, দুর্গাপূজার ছুটিতে অন্যরা বাড়ি গেলেও ফাহিমা মেসে ছিলেন। বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সহপাঠীদের শেষবার কথা হয়। শুক্রবার বিকেলে তিনি অনলাইনে একটি ক্লাসে অংশ নেননি, ফোনেও সাড়া দেননি। ফাহিমা অসুস্থ ছিলেন এবং নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তারা ভেবেছিলেন তিনি ঘুমাচ্ছেন। পরে রাত ৮টার দিকে তার আত্মহত্যার খবর জানতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেল ৪টার দিকে ফাহিমা এক বন্ধুকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দেন। পুলিশ তার মুঠোফোন থেকে এমন আলামত পেয়েছে।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নোবিপ্রবির ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনার সময় তার মুঠোফোনে ভিডিও কল চালু ছিল। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. আবদুল্লাহ আল নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন