দুর্গাপূজায় নিরাপত্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা আজ রবিবার সচিবালয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং জিএস এস এম ফরহাদ সাংবাদিকদের জানান, তারা প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি, গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধরেছেন। এছাড়া সম্প্রতি কিছু পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনা ঘটায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।
ডাকসু নেতারা অভিযোগ করেন, অতীতে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করেন, দ্রুত বিচার কার্যকর করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যেই বিভিন্ন সভা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘ঢাবির নিকটস্থ শিব মন্দির ও ঢাকেশ্বরী মন্দির থেকেও প্রতিনিধি দল নিজেদের উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরেছে, যা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেছি।’
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক দুটি বড় হত্যাকাণ্ড— তোফাজল ও সাম্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ডাকসু নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন, সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য শিগগিরই প্রকাশ এবং দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের মানুষ দায়িত্বশীল আচরণ করলে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং দেশের ঐক্যের নজির বিশ্ব দরবারে প্রতিফলিত হবে।’
সাক্ষাৎকালে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা উপস্থিত ছিলেন।

