অধ্যাপক ড. জসীম উদ্দিনের ছেলের মৃত্যুতে সাদা দলের শোক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৫:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ফারাহানা হায়াত দম্পতির বড় ছেলে মো. তাহসিন উদ্দিন (১৯) ইন্তেকাল করেছেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় দীর্ঘদিন জটিল রোগে ভোগার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মো. তাহসিন উদ্দিনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সদা দল।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় বলেন, আমাদের দীর্ঘদিনের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিনের ছেলে মো. তাহসিন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তারা আরও বলেন, সন্তানের লাশ পিতার কাঁধে বহন করা কত কঠিন, এটি কেবল সংশ্লিষ্টরাই জানেন। আমরা অধ্যাপক জসীম উদ্দিনের ছেলের রুহের মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা, তিনি যেন মরহুম মো. তাহসিনকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন মরহুমের পরিবারকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।
মরহুম তাহসিন উদ্দিনের প্রথম জানাজা শনিবার সকাল সোয়া ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গিয়াসউদ্দিন আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা একইদিন বাদ আছর মরহুমের নিজ গ্রাম ফেনীতে অনুষ্ঠিত হবে।
এমএমআই/এমবি

