ফরিদাবাদ মাদরাসায় ফারেগীন শিক্ষার্থীদের স্মরণীয় মিলনমেলা
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:০৪
ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ শিক্ষাবর্ষের ফারেগীন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ ছয় বছর পর সহপাঠীদের মিলনে সবার চোখেমুখে ফুটে ওঠে আবেগ ও ভ্রাতৃত্বের উজ্জ্বল প্রকাশ।
অনুষ্ঠানে মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা ইউনুস ও মাওলানা জুবায়ের আহমদ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা দস্তারে ফজিলতের গুরুত্ব, ছাত্রজীবনের ত্যাগ-তিতিক্ষা এবং দাওয়াতি ও তালীমি কাজে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পরে ফারেগীনরা বিভাগভিত্তিক বৈঠকে বসে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে রয়েছে— বিভাগ ও জেলা কমিটি নবায়ন, সাব-কমিটি ও শুরা কমিটি গঠন, দাওয়াতি কার্যক্রমের দায়িত্ব বণ্টন, পেশাভিত্তিক তালিকা প্রস্তুত এবং অচল নাম্বারের তালিকা হালনাগাদ।
শেষে ফরিদাবাদ মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস দোয়া ও নসিহাহ প্রদান করেন। তিনি ছাত্রদের জীবনে ইখলাস, ঐক্য ও দ্বীনি দায়িত্ব পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
অংশগ্রহণকারীরা জানান, ‘গ্র্যাজুয়েশনের পরে সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত হয়ে পড়ি আমরা। তাই সকলেই এভাবে সময় বের করে একত্রিত হওয়া অনেক ভালো লাগার একটি ব্যাপার। হয়ত এমন একটি মিলনমেলা আবার কখনো বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। তবে আজকের এই দিন আমাদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।’
মূলত পুরো আয়োজনটি যেমন ছিল একদিকে পুরনো দিনের স্মৃতিচারণ, অন্যদিকে ভবিষ্যৎ দাওয়াতি দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
ডিআর/আইএইচ

