ছবি : বাংলাদেশের খবর
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।
নবনির্বাচিত সভাপতি ইয়াসিন আল মৃদুল শপথ গ্রহণের পর বলেন, ‘দীর্ঘ ৭ বছর পর ৪র্থ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে উপস্থাপন করবো এবং সবাই যেন আমাদের বিশ্ববিদ্যালয় চিনতে পারে, সেই ব্যবস্থা করব। আমি জবাবদিহিতার রাজনীতি করব এবং শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবেশ রক্ষায় সবাইকে একত্রে কাজ করতে আহ্বান জানাই।’
সাধারণ সম্পাদক মো. রায়হান বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস রেখে আমরা শিক্ষার্থীদের সেবা প্রদান করব।’
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘ভোট চলাকালীন শিক্ষকরা নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুই জন ম্যাজিস্ট্রেট ও ৩০০ পুলিশ সদস্যের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “আমি জীবনে এত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখিনি। উপাচার্য স্যারের বলিষ্ঠ নেতৃত্বে নির্বাচন সফল হয়েছে।’
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন সভায় নবনির্বাচিতদের উদ্দেশে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু আমাদের এখানে ছাত্র সংসদ আছে। ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং প্রশাসন-ছাত্র সম্পর্ক সবসময় সুসংহত রাখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সম্মিলিত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবেন। প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শরিফুল ইসলাম রিফাত/এএ

