জবিতে গবেষণায় ৫০ লাখ টাকার বরাদ্দ, সুবিধা পাবেন ৩৫৪ শিক্ষার্থী
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৪৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এ বরাদ্দের আওতায় গবেষণায় আর্থিক সহায়তা পাবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এ বরাদ্দ ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে। অর্থটি কেবল গবেষণাসংক্রান্ত ব্যয়েই ব্যবহার করা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গবেষণামুখী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে শিক্ষার্থীরা গবেষণায় আরও উৎসাহিত হবেন এবং জবি একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করবে।
জেএন/এমবি

