ইবিতে সাজিদ হত্যার ৯০ দিনে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৫
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ৯০ দিন অতিক্রান্ত হলেও হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় অভিনব প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি বোর্ডে হত্যার অতিবাহিত দিন সংখ্যা উল্লেখ করে তারা এই কর্মসূচি পালন করে।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘৯০ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সাজিদের খুনিরা যখন গ্রেফতার হবে তখনই প্রশাসনকে আমরা সফল বলব। আমরা দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
ইবি শিক্ষার্থী বুরহান উদ্দিন জানান, ‘জুলাই ১৭ তারিখে সাজিদের লাশ আমরা পুকুর থেকে উদ্ধার করি। নব্বই দিন অতিক্রম হলেও প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বরং ইস্যুটি ধামাচাপা পড়ছে।’
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল রাহাত বলেন, ‘আজকের অভিনব প্রতিবাদ আমাদের স্মরণ করিয়ে দেয়, ‘এরপর আর কেউ টার্গেটে আছে কি না’? সাজিদের হত্যার বিচার হওয়া প্রয়োজন।’
ইবি শিক্ষার্থী ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘বোর্ডটি দেখাচ্ছে সাজিদ হত্যার ইস্যু কতটা বিলম্বিত হচ্ছে। আমরা প্রতিদিন দিন সংখ্যা পরিবর্তন করব যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে হত্যার পিছনে কতটুকু ষড়যন্ত্র ও নিরাপত্তাহীনতা রয়েছে।’
সাজিদ আব্দুল্লাহ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী। গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফরেনসিক রিপোর্টে জানা গেছে, প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং পরে মৃতদেহ পানিতে ফেলা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি’র নিকট তদন্তাধীন।
স্বাধীন/এআরএস

