শাবিপ্রবির আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৭
ছবি : বাংলাদেশের খবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘লাইফ সায়েন্সেস সম্মেলন ২০২৫’-এ (আইসিএলএস ২০২৫) মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
শনিবার (১৮ অক্টোবর) সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের মূল অধিবেশনে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর তাঁর প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের বিষয় ছিল— ‘জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বায়োমেডিকেল গবেষণায় রূপান্তর’।
তিনি তার উপস্থাপনায় তুলে ধরেন, কীভাবে জীবতথ্যবিজ্ঞান (বায়োইনফরমেটিকস) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) গবেষণাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। গবেষণাগারে সংগৃহীত তথ্যকে জীবতথ্যবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষণ ও যাচাই করার পদ্ধতি নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি নিজের প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা নিবন্ধের উদাহরণ টেনে বলেন, বায়োইনফরমেটিকস প্রয়োগের মাধ্যমে কীভাবে জটিল জীববৈজ্ঞানিক তথ্য সহজে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে।
সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
রাসেল হোসেন/এমএইচএস

