Logo

ক্যাম্পাস

গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না : লালবাগ ডিসি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:১৬

গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না : লালবাগ ডিসি

ছবি : বাংলাদেশের খবর

লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেছেন, ‘গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদের হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।’

সোমবার (২০ অক্টোবর) জুবায়েদের জানাজা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

লালবাগ জোনের ডিসি বলেন, ‘সঠিক তথ্য আমাদের কাছে রয়েছে, তবে তদন্তের স্বার্থে সব কিছু এখনই প্রকাশ করা সম্ভব নয়। আমরা ইতোমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছি। আশা করছি আগামীকাল সকাল ১০টার মধ্যে আপনাদের সুসংবাদ দিতে পারব। কাউকে ছাড় দেওয়া হবে না। আসামি ধরতে সময় লাগতে পারে, তবে প্রকৃত ঘাতকদেরই আমরা গ্রেফতার করব। তাদের ধরতে পারলেই জানা যাবে অন্য কেউ জড়িত আছে কি না।’

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘জুবায়দের বড় ভাই সৈকত ৪৯ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু জুবায়েদ সে খুশির খবর জেনে যেতে পড়লো না।এ ঘটনায় প্রকৃত হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে  গ্রেফতার করতে হবে। আমাদের দাবি কোন ধরনের ফাঁকফোকর আমরা দেখতে চাই না। আমরা প্রকৃত আসামিদের গ্রেফতার দেখতে চাই।’

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, ‘আগামী ২ দিন শোক দিবস সভা ও শোক র‍্যালি পালন করবো। আমরা আগামী ১০ ঘণ্টা আলটিমেটাম দিলাম। যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি না দেখি তাহলে পরবর্তী কর্মসূচি দিবো। এখানে পুলিশ প্রশাসন যারা,  বিগত ফ্যাসিস্ট আমলে এই পুলিশকে জনগণের শত্রু বানানো হয়েছিল। আমার শিক্ষার্থীর বাবা-চাচা কে কেন ৫ ঘণ্টা বসিয়ে রাখলো তাদের জবাবদিহি করতে হবে। আমরা জনগণের জন্য কষ্টের কারণ হতে চাই না। আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার এই বিষয়ে এক মুদ্রা পরিমাণ ছাড় দিবো না। স্বৈরাচার পরবর্তী সময়ে আমরা এই ওসি চাই না।’

উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, ‘আমরা শুরু থেকেই ছিলাম। আমরা প্রকৃত দোষী গ্রেফতার না হওয়া পর্যন্ত পাশে থাকবো। আমাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

এর আগে, রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আরমানীটোলা এলাকায় টিউশন বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন