বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে ইউট্যাবের স্মারকলিপি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:০২
ছবি : বাংলাদেশের খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো ও গবেষণায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে জাতীয় পে কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পে কমিশনের কার্যালয়ে যান। তারা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, সদস্য অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান এবং খণ্ডকালীন সদস্য অধ্যাপক ড. সামছুল আলম ভুইয়ার হাতে স্মারকলিপি হস্তান্তর করেন।
ইউট্যাবের স্মারকলিপিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মূল ভিত্তি। তবে বর্তমান বেতন কাঠামোতে তাদের মর্যাদা ও অবদান যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ফলে মেধাবী তরুণরা শিক্ষকতা পেশায় আগ্রহী হচ্ছেন না এবং অনেক অভিজ্ঞ শিক্ষক বিকল্প কর্মক্ষেত্রে যোগদানের চেষ্টা করছেন।
প্রতিনিধি দল পে কমিশনের কাছে ৫ দফা দাবি উপস্থাপন করেছে
১) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ উচ্চতর বেতন স্কেল প্রবর্তন,
২) আন্তর্জাতিক মানের গবেষণা ভাতা প্রদান,
৩) কনফারেন্স/সেমিনারে অংশগ্রহণের জন্য ভ্রমণ ও অন্যান্য ভাতা নিশ্চিত করা,
৪) উন্নত জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য বিশেষ প্রণোদনা ভাতা,
৫) দীর্ঘমেয়াদি শিক্ষকতা পেশায় আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
ইউট্যাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষার মান বৃদ্ধি পাবে এবং গবেষণা সমৃদ্ধ হবে।
এমএমআই/এএ

