কৃষিবিদদের অধিকার নিশ্চিতের দাবিতে বাকৃবিতে মানববন্ধন
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯
ছবি : বাংলাদেশের খবর
কৃষি সম্প্রসারণ ও গবেষণা প্রতিষ্ঠানে কৃষিবিদদের নিয়োগ ও পদোন্নতির অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাকৃবি কৃষিবিদ ঐক্য পরিষদ।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/বৈজ্ঞানিক কর্মকর্তা) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ বন্ধ করা এবং কৃষি বা কৃষিসংক্রান্ত বিষয়ে স্নাতক না করে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি করা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত এক বছর ধরে আমাদের অধিকার আদায়ে আমরা সক্রিয় ছিলাম। তিন দফা দাবি আদায়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি সচিব ও কৃষি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের দাবির বিষয়ে একমত পোষণ করেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।’
তারা আরও বলেন, ‘কিন্তু আমরা জানতে পেরেছি, ডিপ্লোমাধারীদের কিছু নেতার প্ররোচনায় দেশের সব ডিপ্লোমা প্রতিষ্ঠান বন্ধ করে তাদের আট দফা দাবি আদায়ের চেষ্টা চলছে। তারা এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ২০ শতাংশ নবম গ্রেডে প্রমোশনের ফাইল তৈরি করেছেন, যা সচিব পর্যায়ে রয়েছে। তাই আমাদের বিসিএস নবম গ্রেড নিশ্চিত করতে মাঠে নামার কোনো বিকল্প নেই।’
মানববন্ধনে কৃষি অনুষদের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জয় মন্ডল/এআরএস

