প্রকৌশলী পরিবারের ২০৫ কৃতি সন্তানকে সংবর্ধনা দিল আইইবি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মো. নূর আমিন ও প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।
অনুষ্ঠানে প্রকৌশলী পরিবারের এসএসসি, এইচএসসি, ও লেভেল ও এ লেভেলে কৃতিত্ব অর্জনকারী ২০৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য আইইবি, ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও উপস্থিতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এমপি/এমবি

