জাবির হল থেকে মদ জব্দের ঘটনায় শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ২০:৪৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিদেশি মদ জব্দের ঘটনায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। একই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। সোমবার (৫ জানুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান।
অফিস আদেশে বলা হয়, রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীর লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
হল সূত্রে জানা যায়, ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ওই কক্ষে অবস্থান করছিলেন। তিনি সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম বলেন, ‘আটককৃত শিক্ষার্থীসহ জব্দকৃত মাদকদ্রব্য পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান জানান, সোমবার তিনি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এটি আশুলিয়া থানার চলতি বছরের ১৫ নম্বর মামলা।
মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র বলেন, ‘আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন কি না, সে তথ্য এখনো পাওয়া যায়নি।’
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী হলটির আবাসিক না হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিস ও সংশ্লিষ্ট হল প্রশাসনকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এদিকে, সংশ্লিষ্ট হল প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে মীর মশাররফ হোসেন হল কর্তৃপক্ষ তাকে নিজ হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হল প্রভোস্ট।
আমানউল্লাহ খান/এসএসকে/

