Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন : কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তাদের প্রবেশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৫

জকসু নির্বাচন : কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক কর্মকর্তাদের প্রবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন-২০২৫ আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। এদিন কড়া নজরদারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করেন তারা। এদিন সকাল সাড়ে আটটায় জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে।

এর আগে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোট প্রদানকারী শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং জরুরি প্রয়োজন ব্যতীত ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।

নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মেডিকেল টিম ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করবেন। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত নন এমন সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

জান্নাতুন নাইম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন