Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন : ভোট কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৫

জকসু নির্বাচন : ভোট কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা।

এদিন ক্যাম্পাসে কোনো লিফলেট কিংবা খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ৭টায় কড়া নজরদারিতে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা প্রবেশ করেন। এরপর সোয়া ৮টার দিকে ক্যাম্পাসে পোলিং এজেন্ট ও প্রার্থীরা প্রবেশ করেন।

এছাড়া কড়া নিরাপত্তায় ক্যাম্পাসে পুলিশ, র‍্যাবের ডগ স্কোয়াড, সোয়াট টিমসহ স্বেচ্ছাসেবী হিসেবে বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটি কাজ করছে।

এদিন সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

নির্বাচন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও নেতৃত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ভোটাররা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

জান্নাতুন নাইম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন