জবির শিক্ষার্থীবাহী বাসে হামলা, চালকসহ আহত ৭
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী ‘উল্কা-৪’ বাস হামলার শিকার হয়েছে। এতে বাসের চালক জগদীশসহ অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনালে একতা পরিবহনের হেলপার ও চালকদের হামলার শিকার হয় বাসটি।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বাস মহাখালী টার্মিনাল এলাকায় আসলে আমাদের বাসের সামনে একতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। হর্ন দিলেও বাস সাইড দিচ্ছিল না। এ ঘটনায় জবির উল্কা-৪ বাস চালকের সঙ্গে কথা কাটাকাটি হয় একতা বাসের চালকের। একপর্যায়ে মহাখালী বাস টার্মিনালের প্রায় পঞ্চাশজন বাসচালক ও হেল্পার মিলে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় জবির শিক্ষার্থীসহ বাসের ওপর।’
ঘটনার বর্ণনা দিয়ে ১৯ তম ব্যাচের শিক্ষার্থী নাফিজ বলেন, ‘একতা বাস এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার বিষয়ে আমাদের বাসচালক মামা একতা বাসের চালককে বললে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখনে থাকা সব চালক লাঠি দিয়ে আমাদের বাসচালক মামার উপর হামলা চালায়। তাদের ঠেকাতে গেলে আমাদের উপরও হামলা চালায়। বাসে মেয়েরাও ছিল। তাদের উপরও ইট-পাথর ছুঁড়ে মারে। একপর্যায়ে তাকে (জগদীশ) আঘাত করে হাত ভেঙে দেয়।’
জবির বাসচালক জগদীশ বলেন, ‘মহাখালী বাস টার্মিনালে আমাদের গাড়ির সামনে একতা পরিবহনের একটি বাস ছিল। একতা বাসের সামনে কোনো গাড়ি ছিল না। তাদের বারবার সাইড দেওয়ার কথা বলেনও সে সাইড না দিয়ে বরং গাড়ি থেকে হেলপার ও ড্রাইভার লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করে।’
তিনি আরও বলেন, ‘এরপর সেখানে একতা বাসের আরও অনেক কর্মচারী ছিলেন। তারাও আমাদের ওপর হামলা করে। হামলা করে আমার হাত ভেঙে দিয়েছে। সারা শরীরে জখম করেছে। চোখে আঘাত করেছে। আমি সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুক বলেন, ‘আমাদের ড্রাইভার জগদীশ মারাত্মক আহত। তার চোখটা ঠিক থাকবে কি-না নিশ্চিত না। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে। শুধু জবির বাস নয়, কোনো বিশ্ববিদ্যালয়ের বাসেই এমন হামলা কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর ড্রাইভার-হেলপার পলাতক। একতা বাসের মালিকপক্ষ এসেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। তারাও বিষয়টির সমাধান চায়। জবির কোনো বাসে যেন এমন হামলা আর না হয়, তা নিশ্চিত করতে তাদের সঙ্গে কথা বলছি। একটা সমাধান আসবে।’
জান্নাতুন নাইম/এমজে

