Logo

ক্যাম্পাস

জবির বাসে হামলায় ছাত্রদলের প্রতিবাদ

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫

অ
জবির বাসে হামলায় ছাত্রদলের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাড়ি, চালক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোমবার (৩০ ডিসেম্বর) আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার (২৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-৪ বাসে শিক্ষার্থীদের উপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীরা সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়। শিক্ষার্থীদের উপর হামলা ঠেকাতে গিয়ে বাসচালক জগদীশ গুরুতর আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে তারা, ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে দাবি জানান। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, রোববার (২৯ ডিসেম্বর) মহাখালী বাস টারমিনালে একতা পরিবহনের হেল্পার ও চালকদের হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাস। এতে বাসের চালক জগদীশসহ ৭ জন শিক্ষার্থী আহত হন।

জবির বাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে একতা পরিবহন মালিক কতৃপক্ষ। হামলায় ক্ষয়ক্ষতিতে গাড়ি মেরামত বাবদ ১২ হাজার ৯০০ টাকা, আহত  ড্রাইভারের চিকিৎসা বাবদ ১ লাখ টাকা, হেলপার  ও শিক্ষার্থীদের চিকিৎসায়  ৩০ হাজার টাকা ও এ ঘটনায় আরও ২০ হাজার টাকা জরিমানা দেবে বলে জানায় একতা পরিবহন মালিক কতৃপক্ষ।

জান্নাতুন নাইম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন