সংসদ নির্বাচনের মাঠে পবিপ্রবির শিক্ষকরা
ইউট্যাবের কমিটি গঠন
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর পবিপ্রবি শাখার একটি কমিটি গঠন করা হয়েছে। ২৬ জানুয়ারি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় সমন্বিতভাবে দায়িত্ব পালন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. মামুন-অর-রশিদকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. এস. এম. হোমায়েত জাহান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১৭ জন শিক্ষককে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. এবিএম তওহিদুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিটিটি অনুমোদন দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।
প্রীতম/এসএসকে/

