Logo

ক্যাম্পাস

শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তিসহ জবি ছাত্র অধিকার পরিষদের ৫ দাবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩

শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তিসহ জবি ছাত্র অধিকার পরিষদের ৫ দাবি

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রতিশ্রুত আবাসন ভাতা বা সম্পূরক বৃত্তি দ্রুত প্রদান, স্বচ্ছ তালিকা প্রকাশ এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব দাবি জানায় সংগঠনটি। সংগঠনের শাখা দপ্তর সম্পাদক কাজী আহাদ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, যমুনা ভবন ঘেরাও আন্দোলনের সময় শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ফেব্রুয়ারি শুরু হয়ে গেলেও শিক্ষার্থীরা এখনো সেই অর্থ হাতে পাননি। এছাড়া সম্পূরক বৃত্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাকে ‘প্রশ্নবিদ্ধ ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে সংগঠনটি। কারণ হিসেবে বলা হয়েছে, তালিকায় এমন অনেক শিক্ষার্থীর নাম রয়েছে যারা আবেদনই করেননি।

কাজী আহাদ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অনিশ্চয়তা ও অসঙ্গতির মুখেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) প্রতিনিধিদের ভূমিকা শিক্ষার্থীদের প্রত্যাশার বিপরীত। বারবার শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে, কিন্তু কোনো কার্যকর সমাধান হচ্ছে না। আমরা চাই জকসু সফল হোক এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুক। এ লক্ষ্যে আমরা তাদের সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত।’

ছাত্র অধিকার পরিষদের ৫ দফা দাবি হলো 

১. শিক্ষার্থীরা কবে সম্পূরক বৃত্তি পাবে, তার একটি সুস্পষ্ট সময়সূচি ও রোডম্যাপ দ্রুত প্রকাশ করতে হবে।

২. সম্পূরক বৃত্তিকে কোনোভাবেই ‘মেধা বৃত্তি’তে রূপান্তর করা যাবে না; যারা প্রকৃত অর্থেই এই বৃত্তির দাবিদার, তাদের প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

৩. যারা বৃত্তি পাবেন, তাদের একটি স্বচ্ছ ও যাচাইকৃত তালিকা দ্রুত প্রকাশ করতে হবে।

৪. আন্দোলনের সময় যে পরিমাণ অর্থ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছিল, তা নিশ্চিত করতে হবে। অর্থের পরিমাণ কমানো হলে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে।

৫. এই বৃত্তি কি এককালীন দেওয়া হবে নাকি আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা চলবে— সেটি সুস্পষ্ট করতে হবে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেএন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর