নবম পে-স্কেলের দাবিতে জবি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩
ছবি : বাংলাদেশের খবর
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে অংশ নেওয়া কর্মচারীরা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ সমাবেশে তৃতীয় শ্রেণির কর্মচারী মো. ফারুক বলেন, ‘বর্তমানে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। পে-স্কেলের গুঞ্জন উঠলেই বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এই স্বল্প বেতনে ঢাকায় পরিবার নিয়ে থাকা, বাসাভাড়া দেওয়া এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো. আবু সাইদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যেই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি, আপনি আমাদের অভাব-অনটনের কথা চিন্তা করে দ্রুত নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করবেন। এটি বাস্তবায়িত হলে সাধারণ কর্মচারীরা আজীবন আপনাকে স্মরণ রাখবে।’
কর্মচারী সমিতির আহ্বায়ক মো. আব্দুল জলিল বলেন, ‘দেশের ১৮ হাজার বিশ্ববিদ্যালয় কর্মচারী আজ ঐক্যবদ্ধ। আমাদের জীবনমান নিয়ে যারা তালবাহানা করছেন, তাদের হুঁশিয়ার করে দিতে চাই— সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
এ সময় তিনি আগামী ৬ ফেব্রুয়ারি নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচিতে সকল কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানান।
জেএন/এমএইচএস

