Logo

ক্যাম্পাস

আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে : প্রেস সচিব

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫

আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে : প্রেস সচিব

ছবি : বাংলাদেশের খবর

ভারতীয় সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে অপতথ্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ভারতের অনেক পত্রিকা কোনো দিন বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে, অথচ তারা ভারতে সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা।’

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক নীতিসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) ‘পলিসি কনক্লেভ অন মিসইনফরমেশন : চ্যালেঞ্জেস টু গভর্ন্যান্স অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রেস সচিব বলেন, গত ১৮ মাস ধরে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে যে ধরনের মিসইনফরমেশন (ভুল তথ্য) ছড়াচ্ছে, তা ভয়াবহ। গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো সরকার এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। তিনি প্রশ্ন তোলেন, বড় বড় ভারতীয় দৈনিক ও টেলিভিশন কি এসব নিজেরা করছে, নাকি নেপথ্যে কেউ কলকাঠি নাড়ছে?

শফিকুল আলম আরও বলেন, ‘আমরা একটি অবাধ নির্বাচন ও গণতান্ত্রিক যুগের দিকে এগোচ্ছি। কিন্তু বাইরে এমন ইমেজ তৈরি করা হচ্ছে যেন এখানে সংখ্যালঘুরা নিরাপদ নয় বা রাজনৈতিক অধিকার নেই। ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এসব করে আমাদের গণতন্ত্রকে হুমকিতে ফেলছে।’

অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, ফ্যাসিবাদের উত্থানের পেছনে গণমাধ্যমের বিশাল দায় রয়েছে। গণমাধ্যম দীর্ঘদিন গণমানুষের কথা না বলে একটি নির্দিষ্ট পক্ষকে প্রমোট করেছে। তিনি সাংবাদিকদের জনরোষের ভয় কাটিয়ে গণমুখী হওয়ার আহ্বান জানান।

ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য ‘মিডিয়া পলিসি’ বা গণমাধ্যম নীতিমালার অভাবকে বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, গত সরকারের আমলে এক ধরনের ভয়ের সংস্কৃতির কারণে মুক্ত আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল।

সংলাপ শেষে ২০২৫ সালের সেরা চারজন প্রতিবেদককে বিভিন্ন ক্যাটাগরিতে ‘এম আই পাটোয়ারী বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা রাজিউর রহমানসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তানজিল কাজী/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর