নজরুল বিশ্ববিদ্যালয়ে ৭ দিনব্যাপী নাট্যোৎসব শুরু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১০ম বার্ষিক নাট্যোৎসব-২০২৬’। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের জিয়া হায়দার ল্যাবের সামনে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নাট্যোৎসব উপলক্ষে এদিন দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরোনো কলা ভবনে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “নাটক, সাহিত্য ও সিনেমা সমাজের দর্পণ। নাটকের মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা সমাজের সর্বস্তরের মানুষ সহজেই অনুধাবন করতে পারে।” তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই সৃষ্টিশীল পরিবেশনা জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলার সভাপতিত্বে উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবে সাত দিনে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে দুটি করে নাটক পরিবেশিত হবে। নাটকগুলোর নির্দেশনা, পরিচালনা ও পরিবেশনায় অংশ নিচ্ছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। নাট্যোৎসবকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর হয়ে উঠেছে।
মো. সাইফুল ইসলাম/এমএইচএস

