Logo

ক্যাম্পাস

জবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০

জবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘এক, দুই, তিন, চার মন্দির আমার অধিকার’, ‘প্রশাসন লজ্জা লজ্জা’ এবং ‘মন্দির আমার অধিকার, রুখে দেবে সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ৭০০ সনাতনী শিক্ষার্থী থাকলেও এখনো কোনো কেন্দ্রীয় মন্দির নেই। এই দাবিতে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘স্মারকলিপি দেওয়ার পর উপাচার্য স্যার স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেই বলে জানান। পরে আমরা মুক্তমঞ্চের পাশে জায়গা দেখিয়ে দিই। কিন্তু সেখানে পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।’

ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, ‘কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু আমাদের অবহিত না করে সেখানে পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় অবমাননার শামিল। এ কারণেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।’

জবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, ‘আজ আমরা ভিত্তিপূজা সম্পন্ন করব এবং একই দিনে কেন্দ্রীয়ভাবে মন্দির স্থাপন করা হবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেএন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর