জবিতে ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দ্য ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকার সাংবাদিকসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দ্য ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকার সাংবাদিকসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-০ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয় লাভ করে। খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব মাদবর, আমার দেশ পত্রিকার লিমন ইসলামসহ ইসলামিক স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। তারা সবাই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ অন্যান্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ২০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেএন/এমবি

