ইবিতে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইকেল র্যালি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৬
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকেই সমাপ্ত হয়।
এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইকেল র্যালি শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্য হলো একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো দুর্নীতি, হত্যা, রাহাজানি ও চাঁদাবাজি থাকবে না।’
তিনি বলেন, ‘একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দেশ থেকে সকল প্রকার জুলুম উচ্ছেদের জন্য কাজ করে যাচ্ছে।’
ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আগামী নির্বাচনে এমন দলকে ক্ষমতায় আনতে হবে, যারা ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার ও ছাত্র সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা চাই, আগামী সরকার একটি কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে জাতীয় মিডিয়াগুলো ইতোমধ্যেই দালালি শুরু করেছে। তারা অনেক সত্য সংবাদ প্রকাশ করছে না, শুধুমাত্র কোনো ভয়ে বা কারণে। মিডিয়া কর্মীদের প্রতি আহ্বান, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপনারা সাহায্য করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে মিডিয়া ফ্যাসিবাদে রূপ দিয়েছে, অন্য কোনো নতুন দলকে যেন মিডিয়া সন্ত্রাস বা ফ্যাসিবাদে রূপ না দেয়।’
এআরএস

