জাবেরের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে ‘গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার’ প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে ‘গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার’ প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘নতুন জালিমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘পুলিশ লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জাবের-ঝুমা আহত কেন, প্রশাসন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, হাদি হত্যার ৫০তম দিন আজ। পুলিশ লীগের কিছু প্রেতাত্মা আজ আমার ভাইদের ওপর হামলা করেছে। জুলাই আন্দোলনে ২০০০ শিক্ষার্থী নিহত হয়েও আন্দোলন দমানো যায়নি, আজও গুলি করে দমানো যাবে না। হাদি হত্যার বিচার না করার কারণে প্রশাসন ও সন্ত্রাসী গোষ্ঠী দিন দিন আরও আক্রমণাত্মক হচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি দেওয়া হবে। আজ জাবের, ঝুমা ও আম্মারের ওপর হামলার বিচার না হলে আমরা জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তুলব।
শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ইন্টেরিম সরকার আমাদের আকাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। পুলিশ এখনও আগের মতো আচরণ করে যাচ্ছে। হাদি হত্যার বিচার না হলে কীভাবে তা আদায় করে নিতে হয়, তা দেশের আপামর জনতা জানে। ছাত্রজনতা যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে, ইন্টেরিম সরকার তা ধারণ করতে ব্যর্থ হয়েছে।
এমবি

