'তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর' ছাত্রদলে যোগদান গকসু ভিপির
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৭
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ছাত্রদলে যোগদান করেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন।
রাতে মুঠোফোনে এই বিষয়টি নিশ্চিত করেন ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেও।
গকসু ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মতাদর্শের সঙ্গে আমার নিজস্ব চিন্তার মিল পাওয়ার কারণেই আমি এই দলে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছি। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য, চিন্তাধারা ও রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার আদর্শের একটি সুস্পষ্ট মিল খুঁজে পাই। তার সঙ্গে কথা বলা ও সরাসরি দেখা করার পর তার কথাবার্তা এবং রাজনৈতিক মতাদর্শ আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য মনে হয়েছে। এই মিল থেকেই আমি মনে করেছি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
দীর্ঘ ৭ বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছিলেন।
এএস/

