সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে পবিপ্রবিসাসের তীব্র নিন্দা
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩২
সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও দমনমূলক আচরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।
গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনুষ্ঠিত আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় দৈনিক যুগান্তর-এর মাল্টিমিডিয়া প্রতিবেদক আবু সালেহ মুসা আহত হন।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকের বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে পুলিশের এক কর্মকর্তার আঘাতে তার পিঠ ও পাঁজরে তীব্র ব্যথা হয়, একটি আঙুল ভেঙে যায় এবং ব্যবহৃত মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে সেখানে উপস্থিত সংবাদ সংগ্রহে নিয়োজিত অন্যান্য সাংবাদিকদের ওপরও ব্যাটন চার্জ, শব্দবোমা ও পানিকামান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সত্য ও নিরপেক্ষ তথ্য জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা প্রতিবন্ধকতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা শুধু ব্যক্তি সাংবাদিকদের ওপর আঘাত নয়; বরং তা স্বাধীন সংবাদ পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারকে সরাসরি হুমকির মুখে ফেলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, পবিপ্রবি সাংবাদিক সমিতি আরও উল্লেখ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের উদাসীনতা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

