Logo

ক্যাম্পাস

জবিতে ফুটবল খেলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক জোটের নিন্দা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০১

জবিতে ফুটবল খেলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক জোটের নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট।

রোববার (৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় সংঘটিত এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও পেশাগত দায়িত্বে নিয়োজিত একাধিক সাংবাদিক আহত হয়েছেন, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় গুরুতর আহত হয়ে দ্য ডেইলি স্টারের জবি প্রতিনিধি রাকিব মাদবর এবং দৈনিক আমার দেশের জবি প্রতিনিধি লিমন ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে লিমন ইসলামের অবস্থা অত্যন্ত গুরুতর। তাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে ব্যথিত ও শঙ্কিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা। আমরা স্পষ্টভাবে বলতে চাই— এ ধরনের হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

বিবৃতিতে পাঁচ দফা দাবি জানিয়ে বলা হয়, হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে; জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে; আহত সাংবাদিকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান করতে হবে; ভবিষ্যতে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে; পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের অবাধ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর