ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমদ খান। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমদ খান বলেছেন, একটি আপদকালীন সময়ে আমি দায়িত্ব নিয়েছিলাম। সেই আপদকালীন সময় এখন আর নাই। তাই আমি ভিসির দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। একই সঙ্গে ডেপুটেশনের এই দায়িত্ব থেকে সরে আমি আমার শিক্ষকতায় ফিরতে চাই।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ড. নিয়াজ আহমদ খান বলেন, এ মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীজনরা যদি মনে করেন যে আরও কিছু সময় ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়— সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে।
ঢাবি ভিসি বলেন, এখন আমরা সারাদেশের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে। আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এ কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি।
তিনি আরও বলেন, উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এ দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলকভাবে অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এ ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম।
ড. নিয়াজ আহমদ খান বলেন, সরকার আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি পেরেছি, স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের আমার সহযোগিতা দরকার হয়, আমি যেকোনো সময় প্রস্তুত আছি।
তিনি বলেন, আমি বর্তমানে ডেপুটেশনে আছি। এই পদে ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব। আমি আমার মূল কাজ— উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় ফেরত যেতে চাই।
ঢাবি ভিসি বলেন, এর পরের পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আল্লাহ আমাকে দেন, তখন আমি সেটা চিন্তা করব, বিবেচনা করব। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে।
এমবি

