সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশিকা মানার নির্দেশ যবিপ্রবি প্রশাসনের
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮
ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হেয় করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রবণতা রোধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও অমূলক কল্পকাহিনি প্রকাশ করে প্রশাসনকে হেয় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়েরও সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। এ প্রেক্ষিতে ২০ জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১১১তম সভার সিদ্ধান্ত-১১১/বিবিধ (খ) মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা-২০১৯ যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে এ বিশ্ববিদ্যালয়ের সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশিকা-২০১৯ এর ব্যাপারে জন প্রসাশন মন্ত্রণালয় কর্তৃক জারি করা অন্য আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ, আপলোড বা শেয়ার করা যাবে না যা রাষ্ট্র, সরকার বা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। বিভ্রান্তিকর, উসকানিমূলক বা জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য বা কনটেন্ট প্রচার থেকেও বিরত থাকতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে, এ ধরনের কোনো বিষয়বস্তু প্রকাশ না করা যাবে না। এ সকল নির্দেশনাসমূহ অমান্য করে ক্ষতিকর বা বেআইনি কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাব্বির রহমান রাব্বীল/এসএসকে/

