গ্রীণমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৯
গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে গ্রীণমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল।
গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে গ্রীণমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ১৯৫২ সালের এ ঐতিহাসিক দিনে ভাষার অধিকার রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার ও শফিউরসহ সকল ভাষা শহীদের স্মরণ করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে তাদের ত্যাগ ও অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান তৈয়ুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় ও বিশ্ব পরিচয়ের ভিত্তি। আর ইংরেজি ভাষা আমাদের দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যম। এই দুইয়ের সমন্বয়েই আমরা উন্নত আত্মপরিচয় ও বিশ্বমানের নাগরিক হতে পারি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল তার বক্তব্যে আধুনিক বিশ্বের প্রতিযোগিতামূলক বাস্তবতায় ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী হওয়া অত্যন্ত জরুরি। তবে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও মূল্যবোধ ধারণ করেই আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও জানান, আমাদের প্রতিষ্ঠান ইংরেজি, বাংলা ও আরবি ভাষা শিক্ষার মাধ্যমে নীতি-নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আবৃত্তি, দেশাত্মবোধক গান ও ভাষা আন্দোলনভিত্তিক পরিবেশনা দিনটিকে আরও প্রাঞ্জল ও অর্থবহ করে তোলে। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে জীবন্ত হয়ে ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তর্জাতিক ভাষায় দক্ষতার সমন্বয়েই গড়ে উঠবে আগামী দিনের সৎ, সচেতন ও যোগ্য নাগরিক।
এমবি

