শহীদ মিনারে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
ছবি : বাংলাদেশের খবর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করে তারা।
এর আগে উপউপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিক সমিতির নেতারা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সমিতির নেতারা বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। অকুতোভয় ভাষাসৈনিকদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষা পেয়েছি। সাংবাদিক সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে তাদের আদর্শ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, সাংবাদিক সমিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এমবি

