জবিতে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি শুরু বৃহস্পতিবার
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট এ, বি, সি, ডি ও ই-এর দ্বিতীয় মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়া আগামী ৩ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট (https://jnuadmission.com) থেকে ফি জমা দিতে পারবেন।
এছাড়া ২৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি ফি
বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদ, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত, নাট্যকলা ও চারুকলা বিভাগে ব্যবহারিক ফিসহ ১২ হাজার ৬৩০ টাকা। বিজনেস স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে ১০ হাজার ৬৩০ টাকা।
ডিন অফিসে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড; অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম; ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
এতে আরও বলা হয়, দ্বিতীয় পর্যায়ের এ ভর্তি কার্যক্রম শেষে আগামী ৪ মার্চ তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের মাধ্যমে জবির ভর্তি পরীক্ষা শুরু হয় এবং ৩০ জানুয়ারি কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শেষ হয়।
জেএন/এমবি

