Logo

ক্যাম্পাস

দেশব্যাপী ধর্ষণ ও অরাজকতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ মিছিল

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১১

দেশব্যাপী ধর্ষণ ও অরাজকতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

নরসিংদীসহ দেশব্যাপী সংঘটিত ধর্ষণ ও অরাজকতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে দিয়ে নতুন কলা ভবন, পদার্থবিজ্ঞান ভবন, সিএসসি ভবন ও শেরে বাংলা একে ফজলুল হক হল প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে— “দাবি মোদের একটাই, ধর্ষকদের ফাঁসি চাই”, “ওসমান হাদির বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই”, “আমার বোন ধর্ষিত কেন, তারেক জিয়া জবাব চাই”, “আমার বোন ধর্ষিত কেন, সালাউদ্দিন জবাব চাই”, “আমার বোন ধর্ষিত কেন, আসাদুজ্জামান জবাব চাই”, “ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই” সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে শুনা যায়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাকসুর সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন। এসময় তারা সারাদেশে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে জাকসুর সহ-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আল হাসান বলেন, “নিজেদের অধিকার নিয়ে বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ধর্ষকদের কোনো দল নেই। আমরা প্রধানমন্ত্রীর নিকট এসব ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানাই।”

তিনি সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান এবং বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাধীন ও কার্যকর না হলে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদও জানান তিনি।

সমাপনী বক্তব্যে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “বাংলাদেশে ধর্ষণের বিচারের দাবিতে বারবার দাঁড়াতে হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জার।” দেশব্যাপী ধর্ষণ প্রতিরোধ সরকারে জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি নৈতিক শিক্ষা জোরদার করা ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি নির্বাচন-পরবর্তী সময়ে সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদ জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। এছাড়া বিচার ব্যবস্থায় আদালতে কোনো ধরনের নগ্ন হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, আদালত স্বাধীন না হলে সুবিচার সম্ভব নয়। ক্ষমতাশালী দলের লাগাম টেনে ধরার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর