Logo

ক্যাম্পাস

বাংলাদেশের খবর’র সাংবাদিকের ওপর প্রকাশ্যে ছাত্রদল নেতা জয়ের হামলা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ২০:৩৯

বাংলাদেশের খবর’র সাংবাদিকের ওপর প্রকাশ্যে ছাত্রদল নেতা জয়ের হামলা

বাংলাদেশের খবর’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুন নাইমকে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে মারধর করেছে জাতীয়তাবাদী হিন্দু ফোরাম জবি শাখার সদস্য সচিব জয় সাহা।

বাংলাদেশের খবর’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুন নাইমকে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে মারধর করেছে জাতীয়তাবাদী হিন্দু ফোরাম জবি শাখার সদস্য সচিব জয় সাহা। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত করার জন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন প্রধান নির্বাচন কমিশনকে চাপ দিতে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সমর্থনে কয়েকজন সাংবাদিক নির্বাচন স্থগিত করার জন্য আবেদন করেন। নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের পক্ষ না নেওয়ায় বিভিন্নভাবে চাপ প্রয়োগ চালিয়ে যান তারা।

আজ দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ইয়াসিন সাইফ, মিজান উদ্দীন মাসুদ, নাজিদ, জিলনসহ আরও অনেকে সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

একপর্যায়ে সবাই যখন অবকাশ ভবন থেকে নিচে নেমে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে বাংলাদেশের খবর’র সাংবাদিক নাঈমকে মারধর করেন জয় সাহা।

ভুক্তভোগী সাংবাদিক জান্নাতুন নাইম বলেন, ‘যা হয়েছে তার কোনো ব্যাখ্যা করতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক করে সবাই বের হচ্ছিলাম। প্রক্টরসহ ছাত্রদলের হিমেল, আরেফিন, রুমি, সুমন সরদার ও জাফর সবাই নিচে দাঁড়িয়ে ছিল। যখন গেট থেকে বের হয়েছি, তখন সকলের সামনে আমাকে পেছন থেকে মাথায় আঘাত করলে আমি পড়ে যাই। সকলের সামনে জয় আমাকে মেরে চলে গেল, কেউ কিছু বলল না। আমি এরপর আমার ক্যাম্পাসে যাওয়া নিয়েও শঙ্কিত।’

অন্যান্য আহত সাংবাদিকরা হলেন- যুগান্তরের সাকেরুল ইসলাম, কালের কণ্ঠের জুনায়েত শেখ, সময়ের আলোর মুশপিকুর রহমান ইমনসহ আরও অনেকে।

সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামছুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।

‎জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন-২০২৬ এ একক নেতৃত্ব নিতে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ করে ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদলের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক সমিতি দখল করতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, গত ২ মার্চ সাংবাদিক সমিতির ২০২৬ সেশনের তফসিল ঘোষণা করা হয়। নিয়মতান্ত্রিক উপায়েই আজ মনোনয়ন সংগ্রহের দিন ছিল। কিন্তু গতকাল রাত থেকেই ছাত্রদলের বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছিল। আজ স্বাভাবিকভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা হচ্ছিল। এরই মধ্যে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এসে সমিতিতে অবস্থানরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। বর্তমানে আমাদের ১০ জন সাংবাদিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২ মার্চ। তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) মনোনয়ন সংগ্রহ ও প্রত্যাহার এবং আগামী ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশের খবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর